কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আবারও ইনজুরিতে নেইমার, আর্জেন্টিনার বিপক্ষে খেলা নিয়ে শঙ্কা

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ১১, ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

চলতি মাসেই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচ দুটি দিয়ে আবারও ব্রাজিলের জার্সিতে ফেরার কথা ছিল তারকা ফরোয়ার্ড নেইমারের। তবে সেটা এখন শঙ্কার মুখে। আবারও চোটে পড়েছেন তিনি।

নেইমার আর চোট যেন একে অপরের সঙ্গী হয়ে উঠেছেন। চোট কাটিয়ে লম্বা সময় পর মাঠে ফিরে কিছুদিন যেতেই ফের চোটে পড়েন নেইমার। এটাই যেন নিয়মে পরিণত হয়েছে। এবারও এর ব্যতিক্রম হলো না। চোটের কারণে ইউরোপিয়ান ফুটবল ছেড়ে সৌদি আরবে এসেও চোটে ভুগেছেন নেইমার। সবশেষ নিজ দেশ ব্রাজিলের ক্লাব সান্তোসে ফিরেও চোট থেকে বাঁচতে পারলেন না।

কিছুদিন আগেই প্রায় ১ বছর চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন নেইমার। যোগ দেন শৈশবের ক্লাব সান্তোসে। সেখানেও এবার চোটে পড়েছেন তিনি। আকস্মিক ইনজুরির কারণে সান্তোসের হয়ে সবশেষ ম্যাচে খেলতে পারেননি ব্রাজিলিয়ান এই তারকা।

এ বিষয়ে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, নতুন করে চোট পেয়েছেন তারকা ফরোয়ার্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেন, ‘নেইমার জুনিয়র অস্বস্তি বোধ করছিলেন, সেই কারণেই (স্থানীয় সময়) গত রাতে সান্তোস স্কোয়াডে ছিলেন না তিনি।’

রোমানোর এই খবর দেওয়ার পর চোট নিয়ে নিজেই মুখ খুলেছেন নেইমার। তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত গত কয়েক সপ্তাহে আমি কিছুটা ব্যথা অনুভব করি। সত্যিই আমি দলকে সাহায্য করতে চেয়েছিলাম, এরপর সকালে আমরা কিছু পরীক্ষা করাই, কিন্তু এরপর আবার আমি ব্যথা অনুভব করি।’ পরবর্তীতে জানা যায়, ম্যাচের দিন সকালেই উরুর মাংসপেশিতে অস্বস্তি বোধ করছিলেন, যে কারণে ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন নেইমার।

নেইমারকে ছাড়া সান্তোস দলও জিততে পারেনি। করিন্থিয়ান্সের বিপক্ষে ২-১ গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে তারা।

এদিকে নেইমারকে নিয়ে শঙ্কা বাড়ছে ব্রাজিল দলেও। চলতি মাসে নেইমারকে পাওয়া যাবে কিনা সেটা নিয়েও দেখা দিয়েছে সংশয়। কেননা, আগামী ২১ ও ২৬ মার্চ কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।