কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ১০, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। সোমবার তিনি মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি সাংবাদিকদের বলেন, “এ বিষয়ে আমি কিছু বলতে চাই না। আমি আমার ব্যক্তিগত সচিব (পিএস) এর মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।” শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, সরকারের নির্দেশনা অনুযায়ী তিনি পদত্যাগ করেছেন।

গত সাত মাসে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে বেশ কয়েক দফায় রদবদল ও নতুন নিয়োগ হয়েছে। বর্তমানে প্রধান উপদেষ্টাসহ মোট ২৩ জন উপদেষ্টা রয়েছেন। এর মধ্যে গত বুধবার অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সিআর আবরার) নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন এবং তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ এখন শুধুমাত্র পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, গত নভেম্বরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজন বিশেষ সহকারী নিয়োগ দেন। তারা স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতা করছেন। এই তিনজনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন অধ্যাপক এম আমিনুল ইসলাম।