কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রশাসন ঠিক থাকলে দেশে এমন বিশৃঙ্খলা হতো না : রুহুল কবির রিজভী

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ১০, ২০২৫ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আইনের সঠিক প্রয়োগ না থাকায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তিনি বলেন, দেশে ধর্ষণের ঘটনা বেড়ে গেছে এবং নারীদের নিরাপত্তা হুমকির মুখে। প্রশাসন সঠিকভাবে কাজ করলে এমন পরিস্থিতি তৈরি হতো না।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহিলা দলের বিক্ষোভ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। মাগুরাসহ দেশজুড়ে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

রিজভী বলেন, শেখ হাসিনার সরকারের সময় থেকেই নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। তিনি প্রশ্ন তোলেন, ছাত্রলীগ-যুবলীগের অনুপস্থিতিতে এখন কারা এই হিংস্রতার সঙ্গে জড়িত? তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে এ বিষয়ে জবাবদিহি করতে হবে।

তিনি আরও বলেন, সরকারকে দ্রুততম সময়ে আছিয়ার ধর্ষণকারীদের বিচার করতে হবে, যাতে অন্য অপরাধীরা ভয় পায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ঘটনায় নিয়মিত খোঁজখবর রাখছেন।

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উদ্দেশে রিজভী বলেন, দেশের বিভিন্ন জেলায় ডিসি-এসপিদের দপ্তরে গিয়ে তাদের কাজ তদারকি করছেন শিক্ষার্থীরা। অথচ তাদের ক্লাসে ও লাইব্রেরিতে থাকার কথা। তিনি বলেন, ফ্যাসিস্ট পতনের আন্দোলনে তাদের অবদান রয়েছে, তাই তাদের উচিত ক্যাম্পাসে ফিরে গিয়ে সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো।

জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহিনুর নার্গিসের সঞ্চালনায় এ বিক্ষোভে বক্তব্য দেন মহিলা দলের সহ-সভাপতি নেওয়াজ হালিমা আর্নি, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাম্মি আক্তার, ঢাকা মহানগর দক্ষিণের সভানেত্রী রুমা আক্তার ও ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব অ্যাডভোকেট রুনা লায়লা প্রমুখ।