কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় বউভাতের খাবার খেয়ে হাসপাতালে শতাধিক

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ১, ২০২৫ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!


স্টাফ রিপোর্টার:

বুড়িচংয়ে এক বিয়ের বউভাত অনুষ্ঠানে খাবার খেয়ে শতাধিক লোক অসুস্থ হয়ে পড়েছেন। উপজেলা সদরের লিটন চন্দ্র দাসের বাড়িতে এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে অনেককে গুরুতর অবস্থায় বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার (পয়লা মার্চ) সকাল ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন বুড়িচং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মালেকুল আফতাব।

অসুস্থদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় লিটন চন্দ্র দাসের ছোট ভাই রিপন চন্দ্র দাসের বউভাত অনুষ্ঠান আয়োজিত হয়। এ অনুষ্ঠানে হিন্দু-মুসলমান মিলিয়ে পাঁচশতাধিক অতিথি আমন্ত্রিত ছিলেন। দুপুরে খাবার গ্রহণের পর প্রায় শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েন। ওই দিন বিকেল থেকে তারা বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে শুরু করেন।

অসুস্থদের মধ্যে অনেকেরই বমি ও পাতলা পায়খানা হচ্ছে। অনেকে বমি করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছেন।
খাবার খেয়ে অসুস্থ হওয়া আব্দুল জলিলসহ কয়েকজন জানান, দুপুরে বুড়িচং সদরে বিয়ের বাড়িতে বউভাত অনুষ্ঠানের খাবার খেয়ে তারা বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়েন। অতিরিক্ত বমি, পেটে ব্যথা ও মাথাব্যথা শুরু হলে তারা হাসপাতালে ভর্তি হন।

বিয়ের বাড়ির তিতাস সরকার বলেন, বউভাত অনুষ্ঠানের খাবার খুবই সুস্বাদু ছিল। অতিরিক্ত খাসির মাংস খাওয়ার কারণেই তারা অসুস্থ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বুড়িচং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মালেকুল আফতাব জানান, বউভাত অনুষ্ঠানের খাবারে বিষক্রিয়া ঘটেছে কি না তা তদন্তের জন্য একটি টিম পাঠানো হয়েছে। এ পর্যন্ত অর্ধশতাধিক লোক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কিছু অসুস্থ ব্যক্তি অন্য হাসপাতালেও চিকিৎসা নিচ্ছেন।

রোগীদের বর্ণনা অনুযায়ী, বউভাত অনুষ্ঠানের খাবার খাওয়ার পর তাদের অতিরিক্ত বমি, পেটে ব্যথা, মাথাব্যথা ও ডায়রিয়া শুরু হয়েছে। কিছু রোগী এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন, তবে অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।