ডেস্ক রিপোর্ট:
চুরি, ডাকাতি, ছিনতাই রোধে গতকাল রাত থেকে শুরু হওয়া অভিযান সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অভিযান পরিচালনায় বাহিনীর কারও বিরুদ্ধে যদি কোনো ধরনের গাফিলতি পাওয়া যায়, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।
জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।
সারাদেশে সার্বিক পরিস্থিতি, গতরাত থেকে শুরু হওয়া অভিযান ও এর সফলতা সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সফলতা-ব্যর্থতা আপনারা (সাংবাদিকরা) মূল্যায়ন করবেন। এই অভিযান যেভাবে পরিকল্পনা করা হয়েছে, যদি কোনো কর্মচারী বা বাহিনীর সদস্যের মধ্যে গাফিলতি পাওয়া যায়, তাদের আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন, “এখানে কাউকে ছাড় দেওয়া হবে না। সে পুলিশ, বিজিবি, র্যাব, আনসার বা কারা অধিদপ্তর যেই হোক না কেন, যারা ঠিকমতো দায়িত্ব পালন করবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানের সর্বশেষ আপডেট জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমি ভাবছিলাম, আপডেট আপনারা দেবেন। আপনারা সত্যি সংবাদ পরিবেশন করেন, দেখেন আমরা ব্যবস্থা নিই কি না। দুই এসপির বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর আমরা ব্যবস্থা নিয়েছি। সত্যি সংবাদের ভিত্তিতে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”












