কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অন্তর্বর্তী সরকারের প্রতি এখনও আস্থা আছে: শামসুজ্জামান দুদু

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি এখনও আস্থা রয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ আয়োজিত এক নাগরিক সভায় তিনি এ কথা বলেন। সভাটি জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে অনুষ্ঠিত হয়।

শামসুজ্জামান দুদু বলেন, একটি গোষ্ঠী দেশকে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা ও সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। তিনি আরও বলেন, পট পরিবর্তনের পর জনগণ ও বিশ্ববাসী প্রত্যাশা করেছিল যে দেশে গণতন্ত্র ফিরে আসবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই প্রত্যাশা পূরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। মানুষের প্রত্যাশা ছিল একটি নির্বাচনের রোডম্যাপ পাওয়ার, কিন্তু তা তারা পায়নি।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনার শাসনে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে, যা এখনও অব্যাহত রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, অন্তর্বর্তী সরকারের সময় সন্ত্রাসীরা এমন ঘটনা ঘটানোর সাহস পায় কোথায়?

বিশৃঙ্খলা এড়াতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর গতিশীলতা বাড়ানোর তাগিদ দেন তিনি। সরকারের প্রতি আহ্বান জানিয়ে দুদু বলেন, দ্রুত রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করতে হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা না করলে বিএনপি জানে কীভাবে অধিকার আদায় করে নিতে হয়। সরকার যদি উদ্যোগ নেয়, তাহলে ভালো। কিন্তু যদি না নেয়, তাহলে আরেকটি লড়াইয়ের প্রয়োজন পড়তে পারে।