ডেস্ক রিপোর্ট:
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন, তাদের পরিবারকে সহযোগিতা এবং আহতদের পুনর্বাসনের জন্য একটি আলাদা অধিদপ্তর গঠন করা হচ্ছে। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে এই নতুন অধিদপ্তর থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা প্রদান করা হবে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হরিহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খামারি পরিষদ আয়োজিত এক খামারি সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি রাজস্ব আদায়ের নামে হাওর-বাওড় ইজারা দেওয়ার বিরুদ্ধে সোচ্চার হয়ে বলেন, আগামীতে যেন এসব হাওর-বাওড় অমৎস্যজীবীদের ইজারা না দেওয়া হয়, সে বিষয়ে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের জন্য সব ধরনের উন্নত জাতের গবাদিপশু সরবরাহ করতে পাকিস্তান প্রস্তুত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান, এলডিডিপি’র প্রকল্প পরিচালক ডা. জসিম উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।












