ডেস্ক রিপোর্ট:
গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে আরও ২ জন মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ধাপে মোট ৪ জন মুসল্লির মৃত্যু হলো।
বুধবার শুরায়ী নেজামের (জুবায়ের অনুসারী) ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত রাত ১টায় সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার সাহাবাজপুর গ্রামের গফুর আলী সরকারের ছেলে সুজাবত আলী সরকার (৭৫) এবং রাত ২টায় জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার রায়কালী গ্রামের সামসুল আলম (৬৩) ইজতেমা ময়দানে মৃত্যুবরণ করেন। তাদের জানাজা বাদ ফজর ময়দানেই অনুষ্ঠিত হয়েছে।
এর আগে গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার গয়লাকান্দি গ্রামের মৃত ওমেদ আলী শেখের ছেলে আমির শেখ (৬০) এবং নরসিংদী জেলার মাদবদী থানার রংপুর গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৬০) মারা যান।
আজ বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এরপর ৮ দিনের বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। মাওলানা সাদ অনুসারীদের আয়োজনে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।












