কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টাকা না দেওয়ায় লিবিয়ায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১, ২০২৫ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

লিবিয়ায় মানব পাচারকারী চক্রের হাতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ইতালি নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের লিবিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল। হত্যার পর শুক্রবার নিহত দুই যুবকের মরদেহের ছবি তাদের পরিবারের কাছে পাঠানো হয়।

নিহতরা হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের মিন্টু মাতুব্বরের ছেলে হৃদয় মাতুব্বর (২২) এবং একই গ্রামের মজিবর হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (২৩)। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, টাকা না দেওয়ায় পাচারকারী চক্র তাদের হত্যা করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইতালি যাওয়ার জন্য কুমারখালী গ্রামের আবু তারা মাতুব্বর, আলমাছ ও আনোয়ারের সঙ্গে নিহত দুই যুবকের পরিবারের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, প্রতিজন থেকে ১৬ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয়। এরপর হৃদয় ও রাসেলকে প্রথমে দুবাই, তারপর সৌদি আরব এবং শেষে লিবিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানেই তাদের হত্যা করা হয়। শুক্রবার হোয়াটসঅ্যাপে তাদের লাশের ছবি পাঠানো হলে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে।

নিহত হৃদয়ের বাবা মিন্টু মাতুব্বর বলেন, “দুই মাস আগে আবু তারা মাতুব্বর, আলমাছ ও আনোয়ারের মাধ্যমে আমার ছেলেকে লিবিয়া হয়ে ইতালি পাঠানো হয়। দুবাই থেকে সৌদি আরব এবং সেখান থেকে লিবিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে মাফিয়া চক্র আমার ছেলেকে হত্যা করেছে।”

হৃদয়ের বড় ভাই মোখলেছুর রহমান বলেন, “চার থেকে পাঁচ দিন ধরে হৃদয়ের কোনো খোঁজ পাচ্ছিলাম না। শুক্রবার সন্ধ্যায় দালালেরা আমার ভাইয়ের লাশের ছবি পাঠায়। চুক্তি অনুযায়ী টাকা দেওয়ার পরও তারা বিদেশ থেকে ফোন করে আরও টাকা দাবি করে। টাকা না দেওয়ায় তারা আমার ভাইকে গুলি করে হত্যা করেছে।”

স্থানীয় বাসিন্দা নিরু খলিফা বলেন, “রাসেল ও হৃদয়ের শরীরে বালি মাখানো ছিল এবং গুলির চিহ্নও দেখা গেছে। মানব পাচারকারীরা মানুষকে জিম্মি করে টাকা আদায় করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। টাকা না দিলে তারা নির্যাতন করে।”

এ বিষয়ে আবু তারা মাতুব্বর বলেন, “হৃদয় ও রাসেলের সঙ্গে আমার ছেলেও ইতালি যাওয়ার জন্য লিবিয়ায় গিয়েছিল। শুনেছি, আমার ছেলেও নাকি মারা গেছে।”