ডেস্ক রিপোর্ট:
সুন্দরবনের দুবলার চরে জেলেদের ওপর হামলা চালিয়ে জিম্মি করার সময় তিন ভারতীয় জলদস্যুকে আটক করেছে জেলেরা। পরে তাদের গণধোলাই দিয়ে অস্ত্র ও গুলিসহ কোস্ট গার্ডের হাতে তুলে দেওয়া হয়। রোববার (২৬ জানুয়ারি) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহম্মেদ।
কামাল উদ্দিন জানান, রোববার রাতে ১০ থেকে ১২ জনের একটি জলদস্যু দল ফিশিং ট্রলারে করে দুবলার চরে আসে। তারা দুই ভাগে বিভক্ত হয়ে জেলেদের উপর হামলা চালায় এবং কয়েকজনকে জিম্মি করে। একটি গ্রুপ দক্ষিণ দিকে চলে গেলেও অন্য গ্রুপটি পাঁচজন জেলেকে আটক করে রাখে।
জিম্মিদের চিৎকার শুনে আশপাশের জেলেরা ছুটে এসে প্রতিরোধ গড়ে তোলে। তাদের ধাওয়া খেয়ে দস্যুদের তিনজনকে আটক করে গণধোলাই দেওয়া হয়। এ সময় দস্যুদের কাছ থেকে দেশীয় অস্ত্র, গুলি এবং ভারতীয় কিছু কাগজপত্র উদ্ধার করা হয়।
পরে ওই তিন দস্যুকে অস্ত্রসহ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ঘটনার বিষয়ে অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।”











