ডেস্ক রিপোর্ট:
ভ্যাট বৃদ্ধির কারণ সম্পর্কে কিছুদিন পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি দাবি করেন, ভ্যাট বাড়ানোর ফলে বাজারে জিনিসপত্রের দামের ওপর তেমন কোনো প্রভাব পড়েনি। এ নিয়ে সমালোচকদের প্রতি ইঙ্গিত করে উপদেষ্টা বলেন, “যারা সমালোচনা করতে চায়, করুক। তাদের বাধা দেওয়ার কোনো প্রয়োজন নেই।”
বাজেট নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, “বাজেটের সময় কর ও ভ্যাট সংক্রান্ত বিষয়গুলো চূড়ান্ত হয়। তখন প্রয়োজনীয় সমন্বয় করা হবে। ভ্যাট বৃদ্ধির পাশাপাশি কিছু ক্ষেত্রে শুল্ক ছাড় দেওয়া হয়েছে।”
খাদ্যের উচ্চমূল্যের সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুলভ মূল্যে কচু, বেগুন, লাউসহ বিভিন্ন সবজি বিক্রি শুরু করেছিল। তবে সবজির দাম কমে আসায় বিশেষ ওই ওএমএস কার্যক্রম বন্ধ করা হয়েছে। এ বিষয়ে উপদেষ্টা বলেন, “জরুরি ভিত্তিতে আমরা বিশেষ ওএমএস চালু করেছিলাম। এটি বেশ সফলভাবে সম্পন্ন হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের বাজেট সহযোগিতায় কৃষি মন্ত্রণালয় এ কার্যক্রম পরিচালনা করেছিল।”
তিনি আরও বলেন, “ডিসেম্বরে আমরা এটি স্থগিত করেছি কারণ বাজারে স্থিতিশীলতা এসেছে। ভবিষ্যতে প্রয়োজন হলে আবার বিশেষ ওএমএস চালুর বিষয়টি বিবেচনা করা হবে।”
চালের দাম প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “সরবরাহ চেইনে এখনও কিছুটা সমস্যা রয়েছে। মোকামে চাল থাকে, কিন্তু রিটেইলাররা সঠিকভাবে সরবরাহ করেন না। এটি সরবরাহের সংকট নয়, তবে চালের দাম কিছুটা কমেছে।”












