ডেস্ক রিপোর্ট:
নির্বাচনী অঙ্গনে দুর্নীতি রোধ এবং একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়া নিশ্চিত করতেই নির্বাচন ব্যবস্থায় সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে আরএফইডি সদস্যদের সঙ্গে আলোচনায় তিনি এই কথা বলেন। আলোচনায় সরকার ও ইসির করণীয় এবং নির্বাচন ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
বদিউল আলম মজুমদার বলেন, “আমাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই। নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করাই আমাদের মূল লক্ষ্য। এ কারণেই আমরা এই সংস্কারের প্রস্তাব করেছি।”
এসময় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির জানান, জুলাই-আগস্ট আন্দোলনে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনদের বায়োমেট্রিক পদ্ধতিতে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন।
তিনি বলেন, “দেড় সপ্তাহের মধ্যে তাদের জাতীয় পরিচয়পত্র হস্তান্তর করা হবে। যারা চোখ বা আঙুলে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের বিশেষ প্রক্রিয়ায় এনআইডি দেওয়া হবে।”
নতুন ভোটারদের জন্য স্মার্ট কার্ড সরবরাহ, ভুল সংশোধনের সুযোগ এবং আহতদের পরিবারকেও এই সেবার আওতায় আনা হবে বলে জানান তিনি।
এছাড়া, সারা দেশের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আন্দোলনে আহতদের এবং তাদের পরিবারের সদস্যদের জন্যও জাতীয় পরিচয়পত্র এবং সংশ্লিষ্ট সেবা দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।












