কুমিল্লামঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাজারে চালের ঘাটতি নেই, দাম বৃদ্ধি অযৌক্তিক: উপদেষ্টা

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ৮, ২০২৫ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বাজারে চালের কোনো ঘাটতি নেই এবং মজুদেও কোনো অভাব নেই। স্থানীয় উৎপাদনও পর্যাপ্ত রয়েছে। বর্তমানে আমরা আমনের ভরা মৌসুম পার করছি, তাই এই মুহূর্তে বাজারে চালের মূল্যবৃদ্ধির কোনো যৌক্তিক কারণ তিনি দেখতে পাচ্ছেন না।

বুধবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর বেগুনবাড়ি দীপিকার মোড়ে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয়ের কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

বশিরউদ্দীন বলেন, “আমরা এর কারণ অনুসন্ধান করছি এবং বুঝতে চেষ্টা করছি। আমাদের কাছে এটি অযৌক্তিক মনে হচ্ছে। আশা করি কিছুদিনের মধ্যে দাম কমে আসবে।”

তিনি আরও বলেন, “ভোক্তা পর্যায়ে বিশেষ করে নাজিরসাইল ও মিনিকেট চালের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। খুচরা বাজারে যে মূল্য বৃদ্ধি ঘটেছে, পাইকারি বাজারে তার চেয়েও দাম বেশি বৃদ্ধি পেয়েছে।”

তিনি বলেন, “বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যে পদক্ষেপ নিতে হবে তা হলো আমদানির প্রক্রিয়া উদারীকরণ করা। যেমন, আলুর ক্ষেত্রে আমরা উদারীকরণ করেছি এবং আলুর দাম ব্যাপকভাবে কমে এসেছে। আমার মনে হচ্ছে, কিছুটা মজুদদারির ঘটনা ঘটছে।”

বাণিজ্য উপদেষ্টা বলেন, “বাণিজ্য উদারীকরণের জন্য গতকাল আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও টিসিবির চেয়ারম্যানকে নিয়ে বৈঠক করেছি। বাজারের সরবরাহ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য আপাতত আমদানির দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। ব্যাপক আমদানির ফলে স্থানীয় বাজারে দামের হ্রাস ঘটবে। যারা মজুদ করছেন, তারা সাময়িকভাবে ভোক্তাদের কষ্টের মাধ্যমে মুনাফা অর্জন করছেন।”

উদ্বোধনী অনুষ্ঠানে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবালসহ টিসিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।