ডেস্ক রিপোর্ট:
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে ঘটেছে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। ক্যাচ নিতে গিয়ে এক ভয়াবহ সংঘর্ষে আহত হয়েছেন দুই অস্ট্রেলীয় ক্রিকেটার। তাদের মধ্যে একজনের নাক ভেঙে গেছে, এমনকি কাঁধও সরে গেছে।
শুক্রবার (৩ জানুয়ারি) পার্থের অপ্টাস স্টেডিয়ামে সিডনি থান্ডার্স ও পার্থ স্কর্চার্সের মধ্যকার ম্যাচে এই দুর্ঘটনা ঘটে। ম্যাচের প্রথম ইনিংসে সিডনি থান্ডার্সের ব্যাটার ক্যামেরন ব্যানক্রফট এবং পেসার ড্যানিয়েল স্যামস ক্যাচ নিতে গিয়ে একে অপরের সঙ্গে সংঘর্ষে আহত হন। মাঠেই রক্তাক্ত অবস্থায় তাদের স্ট্রেচারে করে বের করে নিয়ে যাওয়া হয়। এরপর দুইজনকেই পার্থের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ক্যামেরন ব্যানক্রফটের নাক এবং কাঁধ দুটোই ভেঙে গেছে। এই চোটের কারণে বিগ ব্যাশের চলতি আসর তো বটেই, এমনকি এ বছরের সব ঘরোয়া প্রতিযোগিতাতেও তার খেলার সম্ভাবনা নেই।
অন্যদিকে ড্যানিয়েল স্যামসের চোট তুলনামূলক হালকা হলেও, অন্তত ১২ দিন তাকে মাঠের বাইরে থাকতে হবে।
সিডনি থান্ডার্সের জেনারেল ম্যানেজার ট্রেন্ট কোপল্যান্ড তাদের সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন। তিনি বলেন, ‘ব্যানক্রফট পার্থেই অবস্থান করছে। তার পরিবারের পাশাপাশি দলের স্টাফরাও হাসপাতালে আছে। মনে হচ্ছে, বিগ ব্যাশের বাকি ম্যাচগুলোতে আর তাকে পাওয়া যাবে না। তবে ড্যানিয়েল স্যামসের অবস্থা একটু ভালো। তার স্ত্রীকেও হাসপাতালে আনা হয়েছে। ব্রিসবেনে দলের সঙ্গে পুরো স্টাফ যাচ্ছে না। আগামীকাল আমাদের পরবর্তী ম্যাচ ব্রিসবেন হিটের সঙ্গে। ইনজুরড ক্রিকেটারদের নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। আশা করি, দ্রুত সুসংবাদ পাব।’
সংঘর্ষের পর প্রতিপক্ষ পার্থ স্কর্চার্সের মেডিক্যাল টিমের সহযোগিতা নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ট্রেন্ট কোপল্যান্ড। তিনি আরও বলেন, ‘দুই ক্রিকেটার খুবই সাহসিকতার পরিচয় দিয়েছে। মাঠে পার্থ স্কর্চার্সের মেডিক্যাল টিম ও হাসপাতালের চিকিৎসা স্টাফদের আন্তরিক সহায়তা ছিল দারুণ। তারা রাতভর আমাদের ক্রিকেটারদের যথাযথ সেবা দিয়েছে। থান্ডার্স পরিবার ও আহত ক্রিকেটারদের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা। আমাদের দুই ক্রিকেটার এবং তাদের পরিবারকে আমরা সর্বোচ্চ সমর্থন দিয়ে যাব।’
এই ভয়াবহ দুর্ঘটনার পর বিগ ব্যাশের আয়োজকদের পক্ষ থেকেও তাদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।












