কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মানুষ মাত্রই উদ্যোক্তা: প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১, ২০২৫ ১:১২ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “মানুষ মাত্রই উদ্যোক্তা। তারা শ্রমিক নয়, কারণ শ্রমিক হওয়া মানুষের প্রাকৃতিক পথ নয়। মানুষের কাজ হলো সৃষ্টিশীল হওয়া এবং নিজের মনের ভাবনাগুলো বাস্তবায়ন করা। অন্যের নির্দেশে কাজ করা মানুষের প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”

আজ বুধবার পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, “বাণিজ্য মেলা আমাদের সৃষ্টিশীলতাকে জাগ্রত করে। এটি একে অপরের আইডিয়া ভাগাভাগি করার দারুণ একটি সুযোগ। এই সুযোগ কাজে লাগানো আমাদের দায়িত্ব।”

তিনি তরুণ উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, “বাণিজ্য মেলা তরুণ উদ্যোক্তাদের সৃজনশীলতা ও উদ্যোগকে সবার সামনে তুলে ধরার প্ল্যাটফর্ম। এই সুযোগকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে হবে।”

ইপিবি সূত্রে জানা গেছে, এবারের মেলায় ৭টি দেশের ১১টি প্রতিষ্ঠানসহ ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন রয়েছে। মেলায় নতুন আকর্ষণ হিসেবে তৈরি হয়েছে “জুলাই চত্বর”, “ছত্রিশ চত্বর” ও “তারুণ্যের প্যাভিলিয়ন”। এছাড়া ই-টিকিট ব্যবস্থা চালু হওয়ায় প্রবেশপথেও থাকছে বিশেষ সুবিধা।

প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। ক্রেতা-দর্শনার্থীদের জন্য বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিস এবং উবারের বিশেষ ছাড় যুক্ত হয়েছে।

মেলায় সম্ভাবনাময় খাত এবং পণ্যভিত্তিক সেমিনারের আয়োজন করা হয়েছে। বিদেশি উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের জন্য থাকছে সোর্সিং কর্নার এবং ইলেকট্রনিক্স ও ফার্নিচার জোন। দর্শনার্থীদের সুবিধার্থে প্রযুক্তি কর্নার, সিনিয়র সিটিজেনদের জন্য সিটিং কর্নার এবং শিশুদের জন্য শিশু পার্কও রাখা হয়েছে।

মেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি হয়েছে “জুলাই চত্বর” এবং “ছত্রিশ চত্বর”। তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধ করতে নির্মিত হয়েছে “ইয়ুথ প্যাভিলিয়ন”।

উল্লেখ্য, মাসব্যাপী এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে, আর সাপ্তাহিক ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।