কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিক তদন্তের রিপোর্ট জানা যাবে সোমবার: উপদেষ্টা নাহিদ

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২৯, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন সোমবার (৩০ ডিসেম্বর) জমা দেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

রোববার (২৯ ডিসেম্বর) সচিবালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

নাহিদ ইসলাম বলেন, “আমরা ভালো আছি, তবে ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। ঘটনার তদন্ত চলছে। প্রাথমিক প্রতিবেদন দেওয়ার জন্য তিনদিন সময় নির্ধারণ করা হয়েছে। সোমবার কিছুটা তথ্য জানা যাবে।”

তিনি আরও বলেন, “এ ধরনের ঘটনা পরিকল্পিত হতে পারে বা নাশকতাও হতে পারে। তবে যদি এটি পরিকল্পিত না হয়, তবুও সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন ঘটনা দুশ্চিন্তার বিষয়। দীর্ঘমেয়াদী সংস্কার প্রয়োজন। তদন্ত শেষ হলে আরও স্পষ্ট করে বলা সম্ভব হবে। তবে জনগণকে শান্ত থাকার এবং ধৈর্য ধারণের আহ্বান জানাই।”

ভবনটি কবে নাগাদ চালু হতে পারে জানতে চাইলে তিনি বলেন, “প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।”

গত বুধবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনের চারটি তলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এই চারটি তলায় পাঁচটি মন্ত্রণালয়ের অফিস ছিল। আগুন বুধবার রাত ২টার কিছু আগে লাগে। ছয় ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এবং সম্পূর্ণ নেভাতে প্রায় ১০ ঘণ্টা সময় লাগে।

ঘটনার তদন্তে ৮ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন পুলিশ মহাপরিদর্শক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. তানভীর মনজুর, সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রাসেল, বুয়েটের কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইয়াছির আরাফাত খান এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াসির আরাফাত।

কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।