ডেস্ক রিপোর্ট:
ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে বিদেশে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দেশে ফিরেছেন। দীর্ঘ ১৩ বছর পর সব মামলা থেকে বেকসুর খালাস পেয়ে তিনি দেশে ফিরে এসেছেন।
শনিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় তিনি দেশে পৌঁছান। এ সময় তাকে স্বাগত জানাতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিএনপি, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতা, আলেম-ওলামা, মাওলানা, শিক্ষক, পেশাজীবী, সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লক্ষাধিক মানুষ বিমানবন্দরে উপস্থিত হয়।
জানা গেছে, শনিবার সৌদি আরব থেকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপির এই বর্ষীয়ান নেতা। বিমানবন্দরে বিভিন্ন অঙ্গসংগঠন, শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। বিমানবন্দর এলাকা তখন জনসমুদ্রে পরিণত হয়।
কায়কোবাদ বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। তাকে স্বাগত জানাতে মুরাদনগর উপজেলা থেকে চারশ বাস ও দুই সহস্রাধিক মাইক্রোবাসের মাধ্যমে লোকজন ঢাকায় আসে। এর পাশাপাশি আরও অগণিত গাড়ি বিমানবন্দরে উপস্থিত ছিল।












