কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইতিহাস গড়লো নাসা, সূর্যের সবচেয়ে কাছে মহাকাশযান

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২৮, ২০২৪ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

নাসা মহাকাশে নতুন ইতিহাস গড়েছে। মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার মহাকাশযান ‘পার্কার সোলার প্রোব’ সূর্যের সবচেয়ে কাছে পৌঁছে বিরল এক সাফল্য অর্জন করেছে। আগে কখনো সূর্যের এত কাছাকাছি পৌঁছাতে পারেনি কোনো মহাকাশযান। সূর্যের প্রচণ্ড তাপের মধ্যে কয়েক দিন যোগাযোগহীন থাকার পর স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে বিজ্ঞানীরা প্রোব থেকে একটি সংকেত পেয়েছেন।

গত ২৪ ডিসেম্বর ‘পার্কার সোলার প্রোব’ সূর্যের বাহ্যিক বায়ুমণ্ডল, যা ‘করোনা’ নামে পরিচিত, অতিক্রম করে মাত্র ৩৮ লাখ মাইল দূরত্বে পৌঁছায়। এটি মানবজাতির তৈরি প্রথম বস্তু, যা সূর্যের এত কাছে পৌঁছেছে। এই মিশন পৃথিবীর নিকটতম তারকা সম্পর্কে নতুন তথ্য আবিষ্কার করতে বিজ্ঞানীদের সহায়তা করবে।

মেরিল্যান্ডের জনস হপকিন্স ইউনিভার্সিটির অ্যাপ্লাইড ফিজিকস ল্যাবরেটরির অপারেশন টিম বৃহস্পতিবার রাতে প্রোব থেকে ‘বিকন টোন’ নামে একটি সংকেত গ্রহণ করেছে। এটি নিশ্চিত করেছে যে প্রোব নিরাপদে রয়েছে। আগামী ১ জানুয়ারি প্রোবটি তার বিস্তারিত তথ্য এবং অবস্থা সম্পর্কে টেলিমেট্রি ডেটা পাঠাবে বলে আশা করা হচ্ছে।

নাসার মতে, এই মিশনের লক্ষ্য সূর্যের কার্যপ্রক্রিয়া সম্পর্কে আরও গভীর বোঝাপড়া অর্জন করা। সূর্যের এত কাছাকাছি পর্যবেক্ষণের ফলে বিজ্ঞানীরা জানতে পারছেন এই অঞ্চলের উপাদান কীভাবে লাখ লাখ ডিগ্রিতে উত্তপ্ত হয়, সৌর বায়ু কোথা থেকে শুরু হয় এবং উচ্চ শক্তির কণাগুলো কীভাবে আলোর গতির কাছাকাছি ত্বরান্বিত হয়।

প্রোবটি সূর্যের চরম প্রতিকূল পরিবেশে টিকে থাকবে কি না, তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে সংশয় ছিল। তবে সফলভাবে সংকেত পাঠানোর মাধ্যমে প্রোবটি নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ৯ কোটি ৩০ লাখ মাইল বা ১৪ কোটি ৯০ লাখ কিলোমিটার। পার্কার সোলার প্রোব ঘণ্টায় ৪ লাখ ৩০ হাজার মাইল (৬ লাখ ৯২ হাজার কিলোমিটার) গতিতে সূর্যের দিকে ধাবিত হয়েছে। যাত্রাপথে এটি ১৮ হাজার ফারেনহাইট (৯৮০ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত তাপমাত্রা সহ্য করেছে।

সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৬ হাজার ডিগ্রি সেলসিয়াস হলেও করোনার নির্দিষ্ট কিছু অংশের তাপমাত্রা মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। নাসার বিজ্ঞান শাখার প্রধান ড. নিকোলা ফক্স জানিয়েছেন, শত শত বছর ধরে মানুষ সূর্য নিয়ে গবেষণা করেছে। কিন্তু সরাসরি সেখানে না পৌঁছানো পর্যন্ত এর প্রকৃতি সম্পর্কে সঠিক ধারণা করা সম্ভব নয়। ২০১৮ সালে উৎক্ষেপণ করা ‘পার্কার সোলার প্রোব’ ইতিমধ্যে ২১ বার সূর্যকে পাশ কাটিয়েছে এবং প্রতিবার আরও কাছে পৌঁছেছে। —বিবিসি ও রয়টার্স