কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সচিবালয়ে আগুনের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২৬, ২০২৪ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠপ্রশাসন) মোহাম্মদ খালেদ রহীমকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, যার পদমর্যাদা যুগ্মসচিবের নিচে হবে না।

কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন: জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়), স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়), ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধি।

এই সাত সদস্যের কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির কার্যপরিধিতে রয়েছে: অগ্নিকাণ্ডের উৎস ও কারণ নির্ধারণ, আগুনের পেছনে কারো ব্যক্তিগত বা পেশাগত দায়দায়িত্ব রয়েছে কিনা তা খতিয়ে দেখা, এবং এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ প্রদান। কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে।

উল্লেখ্য, বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার সংবাদ পায়। কিছুক্ষণের মধ্যে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ৬ ঘণ্টার বেশি সময় পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে, আগুন নেভানোর সময় ট্রাকচাপায় আহত ফায়ার সার্ভিসের এক কর্মী মারা গেছেন। নিহত ফায়ার ফাইটারের নাম মো. সোহানুজ্জামান নয়ন। তিনি তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য ছিলেন এবং তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে।