কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আখাউড়ায় গর্তে ঢুকিয়ে তরুণীকে পুড়িয়ে হত্যা, যুবলীগ নেতার ছেলে আটক

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২৪, ২০২৪ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গর্তে ঢুকিয়ে এক তরুণীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ফারহান রনি নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টায় উপজেলার গাজীর বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

আটককৃত ফারহান রনি দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়ার ছেলে। তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।

স্থানীয়দের মতে, পুড়ে যাওয়া দেহের মাথা না থাকায় সেটি নারী নাকি পুরুষ, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে হাতে চুড়ি থাকায় দেহটি তরুণীর বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীর বাজার এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে এনামুল ও রোমান নামে দুই ভাই তাদের রাজহাঁস খুঁজতে শাহনেওয়াজ ভূঁইয়ার বাড়ির কাছে যান। সেখানে পরিত্যক্ত টিনের ঘর থেকে ধোঁয়া উঠতে দেখে তারা।

তারা ফারহান রনিকে জিজ্ঞেস করলে তিনি জানান, ঘরে পাতা পুড়িয়েছেন। কিন্তু সন্দেহ হলে এনামুল, রোমান ও তাদের চাচাতো ভাই উবায়দুল ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করেন। তখন ফারহান তাদের মারার হুমকি দেন।

এতে আরও সন্দেহ হওয়ায় স্থানীয়রা একত্রিত হয়ে ঘরে প্রবেশ করেন এবং সেখানে একটি গর্তে পুড়তে থাকা লাশ দেখতে পান। পরে পুলিশ এসে মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করে।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি অত্যন্ত নৃশংস। নিহত ব্যক্তির দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তিনি নারী নাকি পুরুষ তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় সনাক্ত করতে সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে।