কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ, নিহত ১

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২২, ২০২৪ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখানে একাধিক স্থানে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ফরহাদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) ভোর থেকে সকাল ৯টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কে যান চলাচল দীর্ঘক্ষণ ব্যাহত হয়।

নিহত ফরহাদ একটি প্রাইভেটকারের চালক ছিলেন। তার মরদেহ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানিয়েছে হাসাড়া থানা পুলিশ।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ভোর থেকে ঘন কুয়াশার কারণে সড়কপথে দৃষ্টিসীমা কমে যায়। সকাল ৯টা পর্যন্ত হাসাড়া, চালতিপাড়া ও ধলেশ্বরী টোল প্লাজার আশপাশে একাধিক বাস, প্রাইভেটকার ও পিকআপের সংঘর্ষ হয়। এতে যানবাহনগুলো দুমড়ে-মুচড়ে যায়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করা হয়। বিভিন্ন স্থান থেকে ১০-১৫ জন আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সকাল ১০টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। আহতদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে।