ডেস্ক রিপোর্ট:
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, মূল্যস্ফীতি আগে ৮ বা ৯ শতাংশে আটকে থাকলেও এখন কোনো ‘কারচুপি নেই’, বলেই মূল্যস্ফীতি বেশি দেখা যাচ্ছে।
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
‘ব্যাংকিং অ্যালমানাক’-এর ৬ষ্ঠ সংস্করণের প্রকাশনা উৎসবে অর্থ উপদেষ্টা মূল্যস্ফীতি বাড়ার কারণ সম্পর্কে জানান, তিনি বিবিএসকে বলেছেন, যেসব তথ্য আছে, সেগুলো সঠিকভাবে প্রকাশ করা হোক, যাতে কোনো কারচুপি না হয়।
তিনি আরও বলেন, বিগত ১৫ বছরের তথ্য বিভ্রাটের কারণে ‘বিদেশি বিনিয়োগকারীদের কাছে নানা প্রশ্নের মুখোমুখি’ হতে হয়েছে।
তিনি বলেন, “আমরা কোনো ক্ষমতা প্রদর্শন করতে আসিনি, আমরা দায়িত্ব নিয়ে এসেছি। বিগত ১৫ বছরের তথ্য নিয়ে অনেক বিভ্রাট ছিল, তথ্য লুকানোর চেষ্টা করা হয়েছে। আমরা সেগুলো পরিবর্তন ও সংস্কারের চেষ্টা করছি, কারণ দাতা সংস্থাগুলো আমাদের কাছে নানা প্রশ্ন করে থাকে। তারা চায় বোঝাতে যে আগের তথ্য কম দেখানো হয়েছিল। আমরা তাদের বোঝাচ্ছি, আগের তথ্য লুকানো ছিল, আর এখন আমরা সঠিক তথ্য উপস্থাপন করছি।”
এছাড়া, উপদেষ্টা আরও জানান, তারা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন করার চেষ্টা করছেন, যাতে ব্যবসায়ীরা এক জায়গা থেকেই সব তথ্য পেতে পারেন। এর ফলে ব্যবসায়ীদের ১০টি জায়গায় দৌড়াতে হবে না। তিনি আরও বলেন, “তথ্য ব্যবস্থাপনা যদি সুসংহতভাবে পরিচালিত না হয়, তাহলে সামনে আরও সমস্যা তৈরি হতে পারে। আমাদের মিথ্যা তথ্যের প্রয়োজন নেই, কারণ প্রিয় মিথ্যা যন্ত্রণাদায়ক।”
উল্লেখ্য, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বারবার সুদের হার বাড়ানোর পরও নিত্যপণ্যের বাজারে কোনো সুফল মিলছে না। নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১১.৩৮ শতাংশে, যা আগের মাসে ছিল ১০.৮৭ শতাংশ।












