কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘পাক হানাদার বাহিনীর জুলুমের পুনরাবৃত্তি এই বছরের জুলাই মাসেও দেখা গেছে’

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ১৪, ২০২৪ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শহিদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশ গড়ার স্বপ্ন ধারণ করে অন্তর্বর্তী সরকার। শনিবার (১৪ ডিসেম্বর) মিরপুরের শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, “নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখছি, তা শহিদ বুদ্ধিজীবীদের স্বপ্নের ধারাবাহিকতা। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তার টিম এই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে। আমরা শহিদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি।”

তিনি আরও বলেন, “১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর জুলুমের যে দৃষ্টান্ত আমরা দেখেছি, তার পুনরাবৃত্তি এই বছরের জুলাই মাসেও দেখা গেছে। তবে শহিদদের স্বপ্ন পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ।”

এছাড়া শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, “বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ধারাবাহিকতায় ২০২৪ সালের গণঅভ্যুত্থান হয়েছে। এই আন্দোলন দেশ গড়ার দ্বিতীয় সুযোগ দিয়েছে, যা আমরা হাতছাড়া করতে পারি না।”

আইন উপদেষ্টা আরও বলেন, “মুক্তিযোদ্ধারা দেশের প্রতি ভালোবাসা নিয়ে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল। তাদের আত্মত্যাগের ধারাবাহিকতায় জুলাইয়ের গণঅভ্যুত্থান হয়েছে। সেই আন্দোলনে ছাত্ররা জীবনের মায়া ত্যাগ করে গণতন্ত্র, অধিকার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য লড়েছে। শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দাঁড়িয়ে তাদের কথা আমাদের মনে পড়ে।”

তিনি বলেন, “১৯৭১ সালে শহিদদের আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম। একটি বিশেষ মানসিকতা ও একটি দলের ব্যর্থতার জন্য সেই স্বপ্ন অধরা থেকে গিয়েছিল। এবার সেই ভুল যেন আর না হয়, সেটি নিশ্চিত করতে হবে।”