ডেস্ক রিপোর্ট:
তিউনিসিয়ার উপকূলে একটি অভিবাসীবোঝাই নৌকা ডুবে অন্তত ৯ জন নিহত হয়েছেন এবং আরও ৬ জন নিখোঁজ রয়েছেন। নৌকাটিতে ৪২ জন অভিবাসী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে ২৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আলজাজিরা সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তিউনিসিয়ার উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে নৌকাটি ভেঙে ডুবে যায়। নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। উদ্ধারকৃত ব্যক্তিদের বক্তব্য অনুযায়ী, নৌকাটির যাত্রীরা সবাই সাব-সাহারান আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক।
সাম্প্রতিক সময়ে আফ্রিকা থেকে ইউরোপে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার প্রচেষ্টা বেড়ে গেছে। বিশেষ করে তিউনিসিয়ার স্ফ্যাক্স অঞ্চলের উপকূলরেখা এই যাত্রার প্রধান প্রবেশদ্বার হয়ে উঠেছে।
জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) জানিয়েছে, ২০২৩ সালে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় দুই হাজার ২৭০ জনেরও বেশি অভিবাসী প্রাণ হারিয়েছেন। এটি আগের বছরের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি। ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত এই পথে যাত্রা করতে গিয়ে ২৫ হাজারেরও বেশি মানুষ নিহত বা নিখোঁজ হয়েছেন।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অভিবাসন সংকট মোকাবিলায় তিউনিসিয়ার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে অভিবাসন প্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।












