কুমিল্লাবুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে কিছুটা সময় লাগবে: অর্থ উপদেষ্টা

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ৯, ২০২৪ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে কিছুটা সময় লাগবে। আজ বুধবার (৯ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামবৃদ্ধি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘মূল্যস্ফীতি অফিসিয়ালি ১ শতাংশ কমেছে। মূল্যস্ফীতি মোটামুটি নিয়ন্ত্রণে আনা গেছে। মূল্যস্ফীতি যেমন হঠাৎ বাড়েনি, তেমনি কমতেও সময় লাগবে। গত সেপ্টেম্বর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯.৯২ শতাংশে, যা আগস্টে ছিল ১০.৪৯ শতাংশ।’

তিনি আরও জানান, ‘এখন দাম কমানোর জন্য কিছু সময় লাগবে। আমরা কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি। তেলের ওপর শুল্ক কমানো হয়েছে। আজ চিনির ওপরও শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে।’

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব হবে না। আজ মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এলএনজি আমদানি এবং কৃষির সার কেনার অনুমোদনও দেওয়া হয়েছে। আপনি সকলেই স্বস্তি পাবেন।’

কত দিনের মধ্যে এ স্বস্তি পাওয়া যাবে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘আপনারা স্বস্তি পাবেন, তবে অধৈর্য হবেন না। এটি একটি জটিল প্রক্রিয়া। মনে করবেন না যে মূল্যস্ফীতি হঠাৎ বেড়ে গেছে। এর পেছনে অনেক কারণ রয়েছে, যেমন বাজারের বিভিন্ন ফ্যাক্টর এবং মনিটরিংয়ের বিষয়। পণ্য উৎপাদন এবং বিপণনেও নানা বিষয় আছে।’

‘আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন?’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চাঁদাবাজি কমেনি, তা নয়। চাঁদাবাজি কমেছে, কিন্তু বিভিন্ন হাতবদল হওয়া এই মুহূর্তে কমেনি।’