কুমিল্লাসোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ক্লিনিকের পরিচালক গ্রেপ্তার

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ২৪, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী (৪০) নামের এক ক্লিনিক পরিচালককে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার চাপারহাট চব্বিশ হাজার গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইউসুফ আলী কালীগঞ্জ থানার কাঞ্চনশর গ্রামের মৃত আসমত আলীর ছেলে। তিনি স্থানীয় ‘নিউ রূপসী বাংলা’ ক্লিনিকের পরিচালক। র‌্যাবের দাবি, তিনি ভুক্তভোগী স্কুলছাত্রীর প্রতিবেশী।

র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২০ আগস্ট ভুক্তভোগী ছাত্রীর ছয় মাস বয়সী ছোট ভাই অসুস্থ হয়ে পড়লে তার মা চিকিৎসার জন্য লালমনিরহাটে যান। এ সময় বাড়িতে ওই ছাত্রী একা থাকার সুযোগে ইউসুফ আলী বাড়িতে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।

পরে বাড়িতে ফিরে মেয়েকে অসুস্থ অবস্থায় দেখতে পান তার মা। এরপর তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠান।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় ধর্ষণের মামলা করেন। মামলার পর থেকে ইউসুফ আলী আত্মগোপনে ছিলেন।

র্যাব-১৩ জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার ভোর ৩টা ২০ মিনিটে চাপারহাট চব্বিশ হাজার গ্রামের এরশাদ আলীর বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।