রাজধানীর মিরপুরে ম্যানহোলে নেমে কাজ করার সময় ঢাকা ওয়াসার এক কর্মচারী গাড়িচাপায় নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে মিরপুর-১০ নম্বর এলাকার সেনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. শামীম (৪৭)। তার বাড়ি পাবনার বেড়া উপজেলার পাইখন্দ বারাদিয়া গ্রামে। তিনি প্রায় ২৫ বছর ঢাকা ওয়াসায় কর্মরত ছিলেন। মিরপুরের সেনপাড়া পানির পাম্প এলাকায় তার কর্মস্থল ছিল।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে সড়কের মাঝে থাকা একটি ম্যানহোলের ঢাকনা খুলে ভেতরে নেমে কাজ করছিলেন শামীম। কাজের একপর্যায়ে তিনি ম্যানহোল থেকে মাথা তুললে একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে। কোন গাড়ি শামীমকে চাপা দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। এর মাধ্যমে গাড়ি ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। শনাক্ত হওয়ার পর দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানায়, শামীমের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।











