রাজধানীর মোহাম্মদপুরে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নেওয়াজ চৌধুরী মিতু নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চন্দ্রিমা মডেল টাউনের ব্লক-ই, রোড-১১-এর ১৫ নম্বর বাড়ির সাততলা ভবনের সপ্তম তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
হত মিতুর বাড়ি কুষ্টিয়ার মজমপুর এলাকায় বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের সময় তিনি ফ্ল্যাটে একাই ছিলেন। পরে ফ্ল্যাটের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডের সময় ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হতে পারে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ্ উদ্দিন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। অগ্নিকাণ্ড ও মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।











