ইরানের উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির গোয়েন্দা ইউনিটের পরিচালিত বিশেষ অভিযানে অভিযুক্তদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইন্টারনেটের মাধ্যমে মোসাদ কর্মকর্তাদের কাছে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা স্থাপনার ছবি এবং অবস্থান সংক্রান্ত তথ্য সরবরাহ করছিলেন।
ইরানি কর্তৃপক্ষের দাবি, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিদেশি গোয়েন্দা সংস্থার নির্দেশে দেশের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টি এবং গোপন তথ্য পাচারের সঙ্গে জড়িত ছিলেন।
তবে আটক ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি। আইআরজিসি জানিয়েছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।












