নাইদুল হোসাইন ইমন
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় অভিযান চালিয়ে চোরাচালান চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে কাগজপত্র ও রেজিস্ট্রেশনবিহীন ছয়টি মোটরসাইকেল জব্দ করা হয়।
ডিবি পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ চক্র সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মোটরসাইকেল বাংলাদেশে প্রবেশ করিয়ে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ২২ আগস্ট দিবাগত রাতে অভিযান চালায় কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে বুড়িচং থানাধীন ময়নামতি এলাকার কাটা জঙ্গল সাকিনে বিদ্যুৎ অফিসের সামনে সিলেট-কুমিল্লা মহাসড়কে কৌশলগত অবস্থান নেয় ডিবি। এ সময় ছয়টি মোটরসাইকেলে করে নয়জন ওই এলাকায় পৌঁছালে পুলিশ তাদের থামার সংকেত দেয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে নয়জনকেই আটক করতে সক্ষম হন।
পরে আটক ব্যক্তিদের ব্যবহৃত মোটরসাইকেলগুলোর বৈধ কাগজপত্র যাচাই করা হলে তারা কোনো বৈধ রেজিস্ট্রেশন বা মালিকানাসংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজশে সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে শুল্ক ফাঁকি দিয়ে মোটরসাইকেলগুলো বাংলাদেশে আনার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিবি।
ডিবির তথ্যমতে, এসব মোটরসাইকেল কুমিল্লা, ফেনী, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল।
গ্রেপ্তার ব্যক্তিরা গ্রেপ্তাররা হলেন—সিলেটের গোয়াইনঘাটের কামিম আহম্মদ (২৮), কোতোয়ালির আঃ করিম (৩০), সুনামগঞ্জ সদরের সাইদুল ইসলাম (২২), সিলেটের জালালাবাদের পাবেল আহম্মদ (২৬), একই থানার হোসাইন (২৩), সুনামগঞ্জের দিরাইয়ের রিপন চন্দ্র দাস (২৯), সিলেট কোতোয়ালির রাজু আহম্মদ (২৮), সুনামগঞ্জের ছাতকের আবিদুল ইসলাম (২৮) এবং সিলেটের গোয়াইনঘাটের কাওছার হোসেন (২৬)।
জব্দ ছয় মোটরসাইকেল অভিযানে রেজিস্ট্রেশন নম্বরবিহীন ছয়টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—
নীল-সাদা রঙের Yamaha R15 — ১টি
কালো রঙের Yamaha MT15 — ২টি
সাদা রঙের Yamaha R15 — ১টি
কালো রঙের Yamaha R15 — ১টি
নীল রঙের Yamaha R15 — ১টি
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।












