বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলো। তদন্ত শেষ হলে প্রাপ্ত সুপারিশ অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, গত ১৬ বছরে বিসিএস প্রশাসন ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, ৯ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং ৫৬৪ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।
তিনি আরও জানান, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দলীয়করণের অভিযোগ গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।












