জহিরুল ইসলাম আজিম
কুমিল্লার ধর্মসাগর পাড়ে প্রতিদিন সকাল হলেই দেখা মেলে সেলিমের। বয়স ৩৫ বছর। বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় হলেও জীবিকার তাগিদে পরিবার ছেড়ে টানা ১৬ বছর ধরে কুমিল্লায় বসবাস করছেন তিনি।
সকাল থেকেই নানা ধরনের গাছগাছালি ও প্রাকৃতিক উপাদান দিয়ে যত্ন করে তৈরি করেন শরবত। এরপর দিনভর ধর্মসাগর পাড়ে সেই শরবত বিক্রি করেই চলে তার সংসারের চাকা।
সেলিম জানান, প্রতিদিন গড়ে ৭০০ থেকে ৯০০ টাকার মতো শরবত বিক্রি হয়। এই আয় দিয়েই স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তার পরিবার চলছে।
জীবনযাত্রা সহজ নয়, প্রতিদিনই নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। তবুও পরিবারের মুখে হাসি ফোটাতে থেমে নেই তার পরিশ্রম।
সেলিম বলেন নিজের কষ্টকে ভুলে পরিবারের স্বপ্ন পূরণ করাই তার জীবনের সবচেয়ে বড় চেষ্টা।
ধর্মসাগর পাড়ের ব্যস্ততার মাঝে এভাবেই নীরবে নিজের ভাগ্য গড়ার চেষ্টা করে যাচ্ছেন সেলিম—একজন সাধারণ শরবত বিক্রেতা, যিনি পরিবারের জন্য প্রতিদিন নতুন করে লড়াই করেন।












