নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক ঢলের মধ্যে নিখোঁজ হওয়া ২৬ বছর বয়সী এক অস্ট্রেলীয় নাগরিকের সন্ধান মিলেছে। তিনি নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছে দেশটির সরকার।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানিয়েছেন, দেশটির কনস্যুলার কর্মকর্তারা নিখোঁজ অস্ট্রেলীয় নাগরিক কারা সেভেরিনোর সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করেন তিনি।
কারা সেভেরিনো, নেপালের লাংটাং ট্রেক এলাকায় হাইকিং করছিলেন। আকস্মিক ঢলে ওই অঞ্চলের কাছাকাছি বেশ কয়েকটি এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার পর তিনি যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েন এবং সেখানেই আটকা পড়েছিলেন।
শুক্রবার এক বিবৃতিতে সেভেরিনোর পরিবার জানায়, অন্য কয়েকজন হাইকারের সঙ্গে তিনি গোসাইকুণ্ডে পৌঁছাতে সক্ষম হয়েছেন। সেখান থেকে হেঁটে নেপালের রাজধানী কাঠমান্ডুতে ফেরার পরিকল্পনা ছিল তাদের।
সেভেরিনোর সঙ্গে কনস্যুলার কর্মকর্তাদের একটি ছবি প্রকাশ করে পেনি ওং বলেন, অল্প সময় আগেই তিনি সেভেরিনোর সঙ্গে সরাসরি কথা বলেছেন। তাকে নিরাপদে জানতে পেরে তিনি অত্যন্ত স্বস্তি প্রকাশ করেন।
পেনি ওং বলেন, ভয়াবহ এই দুর্যোগে যখন ব্যাপক প্রাণহানি ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, তখন সেভেরিনোর নিরাপদ থাকার খবরটি ‘বিরল একটি সুখবর’।
তবে একই সঙ্গে নেপালে এখনো নিখোঁজ থাকা অন্য অস্ট্রেলীয় নাগরিকদের নিয়ে গভীর উদ্বেগ রয়েছে বলেও জানান তিনি। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে নিখোঁজদের সন্ধান এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার কর্মকর্তারা।
ক্যানবেরার পক্ষ থেকে জানানো হয়েছে, নেপালে এখনো ৪১ জন অস্ট্রেলীয় নাগরিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।












