ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত হয়েছেন। পাশাপাশি গাড়ির চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার নতুনহাটের কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ঢাকামুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বরিশালমুখী যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সিএনজিতে থাকা একই পরিবারের চারজন সদস্যের মধ্যে একজন নারী ও একজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন।
সিএনজি চালক ও ওই পরিবারের অন্য দুই সদস্য গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর সড়কে যান চলাচল ব্যাহত হয়।স্থানীয়রা উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ করলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার এবং যান চলাচল স্বাভাবিক করেন।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।


.












