কুমিল্লাশনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ২৯, ২০২৬ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ সংস্কারকাজকে কেন্দ্র করে মহাসড়কের ঢাকামুখী লেনে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) ভোর থেকে যানজট তীব্র আকার ধারণ করে কুমিল্লার চান্দিনা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এর আগে শুক্রবার রাতেও মহাসড়কে যানজট ছিল।

দীর্ঘ যানজটে মহাসড়কের বিভিন্ন স্থানে হাজার হাজার যানবাহন আটকা পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রী, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও বিদেশগামী যাত্রীরা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজে সংস্কারকাজ শুরুর পর থেকেই যানজটের সূত্রপাত। ব্রিজের একটি লেন বন্ধ রেখে অপর লেন দিয়ে উভয়মুখী যানবাহন চলাচল করায় ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে থাকে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সড়ক বিভাগ সূত্রে জানা যায়, আষাড়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনের একটি অংশে বড় গর্তের সৃষ্টি হয়েছিল। সময়ের সঙ্গে গর্তটি বড় হয়ে ওঠায় দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। এ কারণে শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে সেখানে জরুরি সংস্কারকাজ শুরু করা হয়।

সংস্কারকাজ চলাকালে মহাসড়কের দুই লেনের একটি বন্ধ রেখে অপর লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। এতে মহাসড়কে যানবাহনের চাপ ক্রমেই বাড়তে থাকে। শুক্রবার রাতভরও বিভিন্ন স্থানে যানজট ছিল। শনিবার ভোরে যানবাহনের চাপ আরও বেড়ে গেলে যানজট কুমিল্লার চান্দিনা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

হাইওয়ে পুলিশ জানায়, অতিরিক্ত যানবাহনের চাপ এক লেন দিয়ে পার হতে গিয়ে যানজটের পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। এতে ঢাকামুখী লেনে দীর্ঘ সারি তৈরি হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল ইসলাম বলেন, আষাড়িয়ারচর এলাকায় মহাসড়কের দুই লেনের একটি লেনে সড়ক বিভাগ জরুরি সংস্কারকাজ করছে। এক লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচল করায় যানজটের সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে। সংস্কারকাজ শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।