কুমিল্লাশনিবার, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের ভাষণের পর ইসরাইলে আরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ২, ২০২৬ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) রাতে হোয়াইট হাউস থেকে ইরান যুদ্ধের পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প। যুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘মূল কৌশলগত লক্ষ্যগুলো’ প্রায় সবগুলো অর্জিত হয়েছে দাবি করে তিনি বলেন, গত চার সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধে ইরানের ওপর ‘দ্রুত, নির্ণায়ক ও ব্যাপক’ আঘাত হানা হয়েছে।

তিনি দাবি করেন, ‘এই অভিযানে এমন ধরনের বিজয় অর্জিত হয়েছে, যা খুব কম মানুষ আগে কখনও দেখেছে।’ যুদ্ধ আর দুই তিন সপ্তাহ চলবে জানিয়ে ট্রাম্প ইঙ্গিত দেন যে, এই সময়টাতে যুক্তরাষ্ট্র হামলা আরও জোরদার করবে এবং তিনি হুঁশিয়ারি দেন যে, ইরানকে ‘প্রস্তর যুগে ফিরিয়ে দেয়া’ হতে পারে।

এদিকে মার্কিন ও ইসরাইলি বাহিনী ইরানে হামলা অব্যাহত রাখে। এতে দেশটির লরেস্তান ও মিয়ানেহতে নয়জন নিহত হন এবং বিমানবন্দর ও জেটির ক্ষতি হয়। পাল্টা হামলা চালায় ইরানের সামরিক বাহিনীও।

ইরানের ইসলামিক রেভোলিউশন গার্ডস কোর (আইআরজিসি) জানায়, তারা বুধবার ইসরাইল এবং উপসাগরীয় অঞ্চলজুড়ে মার্কিন ও জায়নবাদী অবস্থানগুলোকে লক্ষ্য করে ১০০টিরও বেশি ভারি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাশাপাশি ২০০টি রকেট নিক্ষেপ করেছে।

এই সমন্বিত অভিযানগুলো ইরানের অন্যান্য সশস্ত্র বাহিনী এবং প্রতিরোধ ফ্রন্টগুলোর সাথে যৌথভাবে চালানো হয়। আইআরজিসি-র জনসংযোগ বিভাগের তথ্য অনুসারে, এই হামলাগুলো ইসরাইলের এইলাত, তেল আবিব ও বেনি ব্রাকে জায়নবাদী সরকারের সামরিক লক্ষ্যবস্তু ও সন্ত্রাসী বাহিনীকে নিশানা করে চালানো হয় এবং এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।