কুমিল্লাশনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় প্রেসক্লাবের টয়লেটে পড়ে ছিল সাংবাদিকের মরদেহ

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্বজনরা।


মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে প্রেসক্লাবের ২য় তলার শৌচাগার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়৷ এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


মৃত আলী মামুদের ছেলে আলী আব্দুল্লাহ তাসভীর জানান, আলী মাহমুদ দৈনিক দিনকাল পত্রিকার সিটি এডিটর। তাদের বাসা মধ্য বাড্ডা শাহবুদ্দিন মোড় এলাকায়। বাসা থেকে গতকাল সোমবার বেলা ১১টার দিকে বের হয়েছিলেন। এরপর দুপুরে যান প্রেসক্লাবে। পরবর্তী সোমবার রাত ১২টা বেজে গেলেও তিনি বাসায় ফেরেননি। এরপর পরিবার তার বিভিন্ন সহকর্মীকে কল করে তাকে খুঁজতে থাকেন। কেউ তার সন্ধান দিতে পারছিলেন না। তবে অনেকেই বলছিলেন, সোমবার বিকেল ৫টা পর্যন্ত তারা প্রেসক্লাবে তাকে দেখেছেন।

ছেলে তাসভীর বলেন, আজ সকাল ৭টার দিকে তাকে আবার খুঁজতে বের হই। প্রেসক্লাবে এক পর্যায়ে পিয়ন বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখে নিচ দিয়ে উঁকি দিয়ে দেখে, ভেতরে কেউ একজন পড়ে আছে। তখন বাথরুমের  দরজা ভেঙে তাকে ভেতরে ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

মৃত আলী মামুদের স্ত্রী জেসমিন আরা জানান, ১২ বছর আগে তার ওপেন হার্ট সার্জারি হয়েছে। হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা তার।

আলী মামুদের বাড়ি রাজশাহীর পবা উপজেলার ভীমের ডাইং গ্রামে। ২ ছেলে ও ১ মেয়ের জনক তিনি।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে লাশ ময়নাতদন্তের প্রস্তুতি নেয়া হচ্ছে।