কুমিল্লাবৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাজিরায় সরকারি সেবায় নিয়োজিতদের জন্য তেল পাম্পে বিশেষ লাইন চালু

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১৬, ২০২৬ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

জ্বালানি সরবরাহে শৃঙ্খলা আনতে এবং জরুরি সেবাকে অগ্রাধিকার দিতে শরীয়তপুরের জাজিরা উপজেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য তেল পাম্পে পৃথক লাইন চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে কার্যকর হওয়া এই ব্যবস্থায় প্রতিদিন নির্ধারিত সময় অনুযায়ী বিশেষ লাইনে জ্বালানি সরবরাহ করা হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুকের স্বাক্ষরিত নির্দেশনায় জানানো হয়, স্থানীয় একটি ফিলিং স্টেশনে হাসপাতাল, বিদ্যুৎ বিভাগ, অ্যাম্বুল্যান্স, থানা, ফায়ার সার্ভিস, ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি দপ্তরের যানবাহন ও কর্মকর্তারা অগ্রাধিকার ভিত্তিতে তেল পাবেন।

এ ক্ষেত্রে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা এবং সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত এক ঘণ্টা করে এই জরুরি সেবা চালু থাকবে। তবে পাম্পে জ্বালানি মজুত থাকা সাপেক্ষে এ সুবিধা প্রযোজ্য হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এর আগে দেশের বিভিন্ন এলাকায় জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের জন্য অগ্রাধিকারভিত্তিক জ্বালানি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছিল। নতুন এই পদক্ষেপ সেই ধারাবাহিকতারই অংশ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।