কুমিল্লামঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: ‘হাতকাটা’ কাশেমের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

প্রতিবেদক
Cumilla Press
আগস্ট ২৫, ২০২৬ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার তেজগাঁও থানা শ্রমিকলীগের সভাপতি মো. আবুল কাশেম পাটোয়ারী ওরফে ‘হাতকাটা’ কাশেমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক আবদুল হান্নান এ আবেদন করেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরেই রিমান্ড বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন। 

গত ১৭ আগস্ট রাজধানীর কাওরান বাজার এলাকা থেকে আবুল কাশেম পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়

পরদিন তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানো হয়। 

জানা যায়, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে কাওরান বাজারের বাপেক্স ভবন, পল্লী ভবন, পরিবার পরিকল্পনা অফিস ও কাব্যকস সুপার মার্কেটের সামনে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয়।

ওই সময় আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালান। খালেদা জিয়ার গাড়িবহরের একাধিক গাড়ি ভাঙচুর করা হয়।হামলায় সিএসএফের নিরাপত্তাকর্মীসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন।

হাতকাটা কাশেমের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।