ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীব্র যানজটে অ্যাম্বুলেন্সে প্রায় চার ঘণ্টা আটকে থেকে মারা গেছেন আমিরুন্নেছা নামের এক রোগী। হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে তাঁকে ঢাকায় নেওয়া হচ্ছিল। তবে দীর্ঘ যানজটের কারণে কুমিল্লার দাউদকান্দিতে আটকে পড়ে অ্যাম্বুলেন্সটি। পরে শুক্রবার রাত ৩টার দিকে অ্যাম্বুলেন্সেই তাঁর মৃত্যু হয়।
নিহত আমিরুন্নেছা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা।
নিহতের স্বজন তারেক আল হাসান জানান, শুক্রবার হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর রাত ৮টার দিকে আমিরুন্নেছাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা হন তাঁরা। রাত ১১টার দিকে অ্যাম্বুলেন্সটি কুমিল্লার দাউদকান্দি এলাকায় পৌঁছায়। কিন্তু মহাসড়কে তীব্র যানজট থাকায় এরপর আর গাড়িটি সামনে এগোতে পারেনি।
তিনি বলেন, প্রায় চার ঘণ্টা যানজটে আটকে থাকার পর রাত ৩টার দিকে অ্যাম্বুলেন্সের মধ্যেই আমিরুন্নেছার মৃত্যু হয়।
আষাড়িয়ারচর ব্রিজের নিকট ঢাকা অভিমুখী লেনে বড় গর্তের সৃষ্টি হওয়ায় শুক্সবার বিকেল থেকে সেখানে সংস্কারকাজ শুরু হয়। ফলে এক লেনে উভয় সড়কের পরিবহন চলাচল করায় মাধাইয়া থেকে সোনারগাঁও পর্যন্ত দীর্ঘ যানজট বা যানবাহনের ধীরগতি রয়েছে। রবিবার বিকেলের আগেই সংস্কারকাজ শেষ হবে বলে সংশ্লিষ্ট সুত্রগুলে জানিয়েছে












