কুমিল্লামঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অটোরিকশার গ্যারেজে আগ্নেয়াস্ত্র তৈরি, বিক্রি করেন রাজমিস্ত্রি ও চালক

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ১, ২০২৬ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের হাটহাজারীতে দেশে তৈরি হওয়া ৫টি আগ্নেয়াস্ত্র, ২০টি গুলি এবং অস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন জামাল হোসেন ও কবির আহমদ। দুজনেরই বাড়ি হাটহাজারী উপজেলায়। জামাল পেশায় রাজমিস্ত্রি এবং কবির অটোরিকশাচালক হিসেবে এলাকায় পরিচিত। তবে দুজন আড়ালে অস্ত্র বিক্রি করে আসছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া অস্ত্র-গুলি হাটহাজারীর সরকারহাটের একটি অটোরিকশার গ্যারেজে তৈরি হতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন জামাল ও কবির। গ্যারেজের আড়ালে ওসমান নামে গ্যারেজের এক কর্মী এসব অস্ত্র তৈরি করেন। এরপর বিক্রির জন্য অস্ত্রগুলো জামাল ও কবিরকে দেন ওসমান।

গ্যারেজের মালিক দেশের বাইরে থাকায় ওসমানই দীর্ঘদিন ধরে গ্যারেজেটি পরিচালনা করে আসছেন এবং আড়ালে অস্ত্র তৈরি করে আসছেন বলে জানিয়েছে পুলিশ। ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ প্রথম আলোকে বলেন, ‘অস্ত্রের ক্রেতা সেজে জামাল ও কবিরের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরা ২০ থেকে ৫০ হাজার টাকায় অস্ত্র বিক্রির কথা জানান। পরে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।’

পুলিশ কর্মকর্তা কাজী মো. তারেক আজিজ আরও বলেন, ‘জামাল রাজমিস্ত্রি এবং কবির অটোরিকশার চালক পরিচয় ব্যবহার করে অস্ত্র বিক্রি করতেন, যাতে তাঁদের কেউ সন্দেহ না করে। অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে থানায় মামলা হয়েছে।