কুমিল্লাশনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে বাসচাপায় পুলিশ সদস্য নিহত

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ১৭, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হিটলার বিশ্বাস গোপালগঞ্জ সদরের সাহাপুর ইউনিয়নের বড় ডোমরাসুর গ্রামের বাসিন্দা সুভাষ চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি ঢাকা জেলার দোহার উপজেলার শাইনপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহমেদ বলেন, হিটলার বিশ্বাস পূজার ছুটিতে বাড়িতে যাচ্ছিলেন বলে জানা গেছে। তাঁকে পেছন থেকে চাপা দিয়ে বাসটি দ্রুত সটকে পড়ে। চাপা দেওয়া বাসের চালককে আটক করতে পারিনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খানও এ তথ্য নিশ্চিত করেছেন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরের দিকে শারদীয় দুর্গাপূজার ছুটিতে নিজ কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে গোপালগঞ্জে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন হিটলার বিশ্বাস। পথে ভাঙ্গার বাবলাতলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা সার্বিক পরিবহনের একটি বাস তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ মিয়া বলেন, ‘দুর্ঘটনায় ওই পুলিশ সদস্য পেটে আঘাত পান। হাসপাতালে আনা হলেও আমরা চিকিৎসা দেওয়ার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।’