কুমিল্লার দেবীদ্বারে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার ভানী ইউনিয়নের আসাদনগর গ্রামের পূর্বপাড়া ভূঁইয়াবাড়িতে এ ঘটনা ঘটে।
শনিবার (১৭ অক্টোবর) সাংবাদিকদের কাছে পরিবারের সদস্যরা দুই বোনের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনার বর্ণনা দেন।
নিহত দুই শিশু হলো ওই গ্রামের ইলেকট্রিশিয়ান বিল্লাল হোসেন ভূঁইয়ার মেয়ে সামিয়া (৯) ও সানিয়া (৭)। তারা স্থানীয় আসাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। সামিয়া তৃতীয় শ্রেণিতে এবং সানিয়া প্রথম শ্রেণিতে পড়ত।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দুপুরে দুই বোন বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে ছোট বোন সানিয়া পুকুরের ঘাটের সিঁড়ি থেকে পিছলে গভীর পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বড় বোন সামিয়াও পানিতে তলিয়ে যায়।
দুপুর সাড়ে ১২টার দিকে তাদের চাচাতো চাচা হুমায়ুন কবির ওই পুকুরে গোসল করতে নামেন। এ সময় পানির নিচে তার পায়ে কিছু একটা ঠেকে। পরে তিনি তুলে দেখেন, সেটি শিশু সামিয়ার নিথর দেহ। এরপর পুকুরে খোঁজাখুঁজি করে সানিয়াকেও উদ্ধার করা হয়।
পরে স্থানীয় লোকজন দুই শিশুকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, তিনি সাংবাদিকের কাছ থেকে ঘটনাটি শুনেছেন। দুই শিশুর মরদেহ দাফন করা হয়েছে বলেও জানতে পেরেছেন। তবে বিষয়টি খতিয়ে দেখতে একজন এসআইকে দায়িত্ব দেয়া হয়েছে।
শিশুদের স্বজন শরিফুল ইসলাম ভূঁইয়া জানান, বিল্লাল হোসেনের তিন মেয়ের মধ্যে সামিয়া ও সানিয়া বড়। তাদের ছোট বোন মরিয়ম আক্তারের বয়স দুই বছর।
একসঙ্গে দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।












