পঞ্চগড়ের আটোয়ারীতে স্বামীর মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন ৮০ বছর বয়সী স্ত্রী। সারারাত স্বামীর মরদেহের পাশে কান্না করার পর ভোরে রেললাইনে স্ত্রীর মরদেহ পাওয়া যায়। পরে ধর্মীয় রীতি অনুযায়ী পাশাপাশি দুটি চিতায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে স্বামী-স্ত্রীর।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের মালিগাঁও পাঁচঘরিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ৮৫ বছর বয়সী হরেন্দ্র বর্মন অধিকারী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়।
স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েন স্ত্রী নিত্য বালা অধিকারী। স্বজনদের ভাষ্য, সারারাত স্বামীর মরদেহের পাশে বসে কাঁদছিলেন তিনি। দীর্ঘ দাম্পত্য জীবনের সঙ্গীকে হারানোর শোক কিছুতেই সামলে উঠতে পারছিলেন না নিত্য বালা।
পরিবারের সদস্যরা জানান, ভোরের দিকে বাড়ির লোকজন যখন বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন, তখন নিত্য বালাকে ঘরে পাওয়া যায়নি। পরে বাড়ির সামনের রেললাইনের দিকে খোঁজ করা হয়। ভোর সাড়ে ৫টার দিকে রেললাইনের ওপর তার মরদেহ পাওয়া যায়।
স্বজন ও স্থানীয়দের মধ্যে ধারণা, স্বামীর মৃত্যুর শোকেই তিনি রেললাইনের দিকে চলে গিয়েছিলেন। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি।
হরেন্দ্র ও নিত্য বালার মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বামীর মরদেহের পাশে স্ত্রীর মরদেহও রাখা হয়। পরে ধর্মীয় রীতি অনুযায়ী পাশাপাশি দুটি চিতায় তাদের শেষকৃত্য সম্পন্ন করা হয়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। বিষয়টি রেলওয়ে থানাকেও অবহিত করা হয়েছে।












