বাবার মৃত্যুর খবর শুনে কর্মস্থল থেকে কুষ্টিয়ায় বাবার জানাজায় অংশ নিতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নুরে আলম জিকু (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার পর কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর জাগরণী চক্র ফাউন্ডেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত নূর আলম জিকু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে জিকুর বাবা জসিম উদ্দিন দৌলতপুরের লালনগর নিজ গ্রামে বার্ধক্যজনিত কারণে মারা যান। বাবার মৃত্যুর খবর পেয়ে জিকু তার কর্মস্থল মাগুরা থেকে ভায়রা ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে স্বস্তিপুর এলাকায় একটি বালুবাহী ট্রাককে ওভারটেক করার চেষ্টা করলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান জিকু।
কুষ্টিয়া চৌড়হাঁস হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নূর আলম জিকু ঘটনাস্থলেই মারা যান। পরে নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।












