ভোলায় মেঘনা নদীর তীর ধসে নিখোঁজ দুই বন্ধুর খোঁজ ১২ ঘণ্টা অতিবাহিত হলেও পাওয়া যায়নি। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ‘গরিবের দুবাই’ খ্যাত বালুর মাঠ সংলগ্ন নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ দুই তরুণ হলেন, ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মো. ইব্রাহিম মিয়ার ছেলে আমজাদ হোসেন (২৭) এবং শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাবুল হোসেনের ছেলে রাকিব আহমেদ (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় নদীর তীরে জিওব্যাগের ওপর বসে পাঁচ বন্ধু গল্প করছিলেন। এ সময় হঠাৎ নদীর তীর সংরক্ষণ বাঁধের জিওব্যাগ ধসে পাঁচজনই নদীতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে ফাহিম (২২), আবদুল্লাহ (২৫) ও সাগর (২৫) সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন আমজাদ ও রাকিব। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়রা নদীর তীরে ভিড় জমান। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ-পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তবে গভীর রাত ও পর্যাপ্ত উদ্ধার সামগ্রী না থাকায় সাময়িকভাবে অভিযান স্থগিত রাখতে হয়।
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল চন্দ্র জানান, খবর পাওয়ার পর সংশ্লিষ্ট উদ্ধারকারী দলগুলোকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়েছে। বরিশাল থেকে রওয়ানা হওয়া অভিজ্ঞ ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই নতুন করে উদ্ধার অভিযান শুরু করা হবে।












