কুমিল্লাবৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ১০, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মোলায়েম হোসেন (৪৮) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভায়না ইউনিয়নের কালীশংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খাঁন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মোলায়েম হোসেন ভায়না ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি এবং চরমপন্থী দলের সদস্য ছিলেন বলে জানা গেছে। তিনি কালীশংকরপুর গ্রামের আবুল মণ্ডলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৮টার দিকে মোলায়েম হোসেন পার্শ্ববর্তী আব্দালপুর গ্রাম থেকে দুই বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে হরিশংকরপুর গ্রামের স্কুলের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। মোটরসাইকেল থামানোমাত্রই তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোনায়েমের স্ত্রী শিল্পী খাতুন বলেন, ‘আমার স্বামী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। গ্রামের স্কুলের পিছনে তাকে কুপিয়ে হত্যা করেছে। তার সারা শরীরে অন্তত ২০টি কোপের চিহ্ন রয়েছে।’

তার স্বামী আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলেও জানান শিল্পী।

এদিকে ওসি মাসুম খাঁন বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য মোনায়েম হোসেনকে মারাত্মকভাবে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা গেছেন।

বর্তমানে নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।