কুমিল্লারবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গ্রিসে এয়ার শোতে ‘এফ-৪’ যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ৬, ২০২৬ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

গ্রিসের রাজধানী এথেন্সের কাছে এয়ার শো চলাকালে একটি এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) তানাগ্রা বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির দুই কর্মকর্তা। খবর রয়টার্সের। 

কর্মকর্তারা জানান, দুই আসনের যুদ্ধবিমানটি বিমানবন্দর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। এতে কোনো দর্শক বা স্থানীয় বাসিন্দা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মাটির মাত্র কয়েক মিটার ওপর দিয়ে ডানদিকে বাঁক নেওয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়। মুহূর্তেই এতে আগুন ধরে যায়। পরে আগুন কাছের বনাঞ্চলেও ছড়িয়ে পড়ে।

আগুন নিয়ন্ত্রণে ১১টি অগ্নিনির্বাপণ বিমান ও হেলিকপ্টার কাজ করছে। বিমানঘাঁটির মাইকে আশপাশের লোকজনকে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

এক প্রত্যক্ষদর্শী ইআরটিকে বলেন, আমরা সবাই হতবাক হয়ে গিয়েছিলাম। বিমানটি তিন মিনিটও আকাশে ছিল না।

উল্লেখ্য, বিধ্বস্ত এফ-৪ ফ্যান্টমটি বার্ষিক ‘অ্যাথেন্স ফ্লাইং উইক’ এয়ার শোতে অংশ নিচ্ছিল। যেখানে সামরিক ও বেসামরিক বিমান চলাচলকারী বিভিন্ন দেশের দল অংশ নেয়।