কুমিল্লারবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার স্বামী-ছেলে

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ৬, ২০২৬ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর দারুস সালাম থানা এলাকায় নিজ বাসায় টেলিভিশন দেখার সময় খোলা জানালা দিয়ে গুলিবিদ্ধ হয়েছেন জেসমিন বেগম (৩৮) নামে এক গৃহিণী। এ ঘটনায় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার ও আলামত উদ্ধার করেছে র‍্যাব-৪। 

শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে দারুস সালাম থানাধীন মাতবরবাড়ি মসজিদ গলি এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় জেসমিনকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ১০টা ৫০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

এদিকে র‍্যাব জানিয়েছে, এ ঘটনায় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার এবং আলামত উদ্ধারের বিষয়ে রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় র‍্যাব মিডিয়া সেন্টার, কাওরান বাজারে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। ব্রিফ করবেন র‍্যাব-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। সংবাদ সম্মেলনে গুলির ঘটনায় গ্রেপ্তার ও উদ্ধার হওয়া আলামতসহ বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

র‍্যাব সূত্রে জানা যায়, দারুস সালামে গুলির ঘটনা পারিবারিক বিরোধের জেরে। স্ত্রীকে গুলি করেন স্বামী আব্দুল মান্নান। ১টি পিস্তল, দুই রাউন্ড গুলিসহ স্বামী আব্দুল মান্নান, ছেলে ও ছেলের বন্ধুকে গ্রেপ্তার করে র‍্যাব।