সশস্ত্র হামলাকারীদের গুলিতে লোকসংগীতশিল্পী মাই সোভাই নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বেলুচিস্তানের ডেরা বুগতি জেলায়। নিহত গায়িকা বুগতি উপজাতির ছিলেন। একইসঙ্গে প্রকাশ্যে গান পরিবেশনার জন্য ব্যাপকভাবে পরিচিত ছিলেন তিনি।
এদিকে লোকসংগীতশিল্পী নিহতের ঘটনায় হামলাকারীর সংখ্যা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য এসেছে। কিছু সংবাদমাধ্যমের মতে, একদল সশস্ত্র পুরুষ এই হত্যাকাণ্ড চালিয়েছে।
পুলিশ জানিয়েছে, এ হত্যাকাণ্ডের মূল কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। বিভিন্ন দিক থেকে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, বুগতি উপজাতির মধ্যে প্রথম নারী লোকসংগীতশিল্পী হিসেবে ব্যাপকভাবে পরিচিত ছিলেন মাই সোভাই। স্থানীয় সামাজিক ঐতিহ্য ও রীতি ভেঙে প্রকাশ্যে সংগীতচর্চা ও পরিবেশন করতেন তিনি।
বেলুচিস্তানের রক্ষণশীল ও উপজাতীয় অঞ্চলে যেসব নারী প্রকাশ্যে সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেন, তাদের কতটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়―সেটিই স্পষ্ট হলো মাই সোভাইয়ের মৃত্যুতে। এসব অঞ্চলে নারীদের প্রকাশ্যে আসা স্বাভাবিকভাবেই তীব্র নজরদারি ও আপত্তির কারণ হয়ে দাঁড়ায়।












